Header Ads Widget

Responsive Advertisement

এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিক হলো আজ, ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আর কতটি


 

এক ইনিংসে দুই হ্যাটট্রিক! হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন!

আজ রঞ্জি ট্রফিতে আসামের বিপক্ষে সার্ভিসেস দলের দুই বোলার এক ইনিংসেই পেয়েছেন দুটি হ্যাটট্রিক। তাতে টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ১০৩ রানেই গুটিয়ে গেছে আসাম।

দিনের প্রথম হ্যাটট্রিকটা করেছেন সার্ভিসেসের স্পিনার অর্জুন শর্মা। মধ্যাহ্নবিরতির পর দলের দ্বিতীয় হ্যাটট্রিকটি করেছেন বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরা


এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা রঞ্জি ট্রফিতে এটি দ্বিতীয়। এর আগে ১৯৬৩ সালে সার্ভিসেসেরই পেসার জোগিন্দার রাও একাই এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেছিলেন। তবে এক ইনিংসে দুজনের হ্যাটট্রিক রঞ্জি ট্রফিতে এটিই প্রথম।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দুই হ্যাটট্রিকের পঞ্চম ঘটনা এটি। প্রথম এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলের হয়েই খেলা বোলার আলবার্ট ট্রট। ১৯০৭ সালে মিডলসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে কাউন্টিতে তিনি এই কীর্তি গড়েছিলেন। দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন ভারতের জোগিন্দার রাও। এক ইনিংসে একই বোলারের দুই হ্যাটট্রিকের ঘটনা এই দুটিই।

এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিকের ঘটনা প্রথম ঘটে ১৯৮৬ সালে। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্লাইভ রাইস ও গার্থ লেরু জোহানেসবার্গে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। এরপর ১৯৯৬ সালে ডিন হেডলি ও মার্টিন ম্যাকক্যাগ কেন্টের হয়ে ক্যান্টারবুরিতে হ্যাম্পশায়ারের দ্বিতীয় ইনিংসে একটি করে হ্যাটট্রিক করেন। এই তালিকায় সর্বশেষ নাম লেখালেন সার্ভিসেসের দুই বোলার।

২৪ বছর পর আসামের টিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে রঞ্জির ম্যাচ ফিরেছে আজ। কিন্তু ঘরের মাঠে ব্যাট করতে নেমে আসাম শুরু থেকেই পথ হারায়। মাত্র ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে দল। এই ধসের শুরুটা হয় সার্ভিসেসের বাঁহাতি স্পিনার অর্জুন শর্মার বলে। তিনি আসাম অধিনায়ক রায়ান পরাগকে আউট করার পরের দুই বলে ফেরান উইকেটরক্ষক সুমিত ঘাড়িগাঁওকর ও শিবশঙ্কর রায়কে। চলতি মৌসুমের রঞ্জি ট্রফিতে এটিই প্রথম হ্যাটট্রিক।

এরপর মোহিতের সামনে পড়ে আরও বিপদে পড়ে আসাম। ১৫তম ওভারের শেষ বলে আসামের ওপেনার প্রদ্যুন সাইকিয়াকে বোল্ড করেন মোহিত। নিজের করা পরের ওভারের প্রথম দুই বলে এই পেসার ফেরান মুখতার হোসেন ও ভার্গব লাখারকে। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রথম হ্যাটট্রিক।


Post a Comment

0 Comments